এস আলম গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ ও অর্থ স্থানান্তরের বিষয়ে ওঠা অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বুধবার (২৩ আগস্ট) এস আলম গ্রুপের পক্ষে করা আবদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দেন। ওই তারিখে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আদালতে এস আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি, আহসানুল করিম ও সাঈদ আহমেদ রাজা।
অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, এস আলমের বিরুদ্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটি আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা থাকবে। ওইদিন এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
গণমাধ্যমে প্রকাশিত এস আলমের বিষয়ে প্রতিবেদন আমলে নিয়ে গত ৬ আগস্ট হাইকোর্ট এস আলম বিদেশে অর্থ পাচার করেছে কি না তা অনুসন্ধানের নির্দেশ দেন। এ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট।
গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সাইপ্রাস, সিঙ্গাপুর ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অর্থ স্থানান্তর করেছে। সেখানে এস আলম গ্রুপের কর্ণধার এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিপুল পরিমাণ বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ভূমধ্য সাগরীয় ছোট দেশ সাইপ্রাস ২০০৭ সালে তাদের ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি চালু করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যবসায়িক পরামর্শদাতা সংস্থার মতে, এ প্রকল্পের আওতায় দেশটির আবাসন খাতে প্রায় ২ মিলিয়ন ইউরো (২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ এবং সাইপ্রাস সরকারের গবেষণা ও ভূমি উন্নয়ন তহবিলে আরও ২ লাখ ইউরো অনুদানের বিনিময়ে ধনী বিদেশিদের সাইপ্রাসের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়।
সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড করপোরেট রেগুলেটরি অথরিটি (এসিআরএ) থেকে পাওয়া প্রতিষ্ঠানের প্রোফাইলের তথ্য অনুযায়ী, এর দুই বছর পর ২০০৯ সালের ২৭ আগস্ট সাইফুল আলম ও ফারজানা পারভীন নিজেদের সাইপ্রাসের নাগরিক এবং সিঙ্গাপুরের বাসিন্দা দেখিয়ে সিঙ্গাপুরে ক্যানালি লজিস্টিকস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। সে সময় কোম্পানিটির ইস্যু করা ও পরিশোধিত শেয়ার মূলধনের পরিমাণ ছিল ২২ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার (৩০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার)। এস আলম ও তার স্ত্রী একমাত্র শেয়ারহোল্ডার ছিলেন। আলম ৩০ মিলিয়ন শেয়ারের ৭০ শতাংশ এবং তার স্ত্রী বাকি ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করতেন।
সিঙ্গাপুরে বিনিয়োগের মাধ্যমে দেশটিতে রেসিডেন্স পারমিট বা বিদেশিদের থাকার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া এস আলম ও তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের আরও একটি অফশোর শেল কোম্পানি পিকক প্রপার্টি লিমিটেডের সঙ্গেও যুক্ত। সিঙ্গাপুর থেকে ১৭ হাজার কিলোমিটারেরও বেশি দূরের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এমন এক ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গ, যেখানে আয়কর, করপোরেট কর বা মূলধনী কর নেই।
আরেক কর স্বর্গ সাইপ্রাসে ২০১৬ সালে এস আলম অ্যাকলেয়ার ইনভেস্টমেন্ট লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান কেনেন। সাইপ্রাসের কোম্পানির রেজিস্ট্রার বিভাগ এবং অফিশিয়াল রিসিভারের নথি অনুসারে, পরবর্তীকালে কোম্পানিটির নাম পরিবর্তন করে অ্যাকলেয়ার ইন্টারন্যাশনাল রাখা হয়।